“একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব”—এই সংলাপটি শুনলেই মনে পড়ে টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর শৈশবের সেই দৃশ্য। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছোটবেলায় বলা সেই সংলাপ যেন এখনও তাকে অনুসরণ করে চলেছে। ‘ছোট বউ’ চলচ্চিত্রে চার বছরের শিশুশিল্পী হিসেবে বলা এই সংলাপ আজও দর্শকের মনে গেঁথে আছে। সম্প্রতি সেই স্মৃতিই যেন নতুনভাবে ফিরে এসেছে কলকাতার নির্বাচনী প্রচারণায়।

জানা যায়, নদীয়ার করিমপুর এলাকায় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন সোহম চক্রবর্তী। সমর্থকদের ভিড়ের মধ্যেই হঠাৎ এক নারী সামনে এসে দাঁড়ান। তার হাতে ছিল একটি বাটি, পানি ও হরলিক্সের প্যাকেট। তিনি সঙ্গে সঙ্গে প্যাকেট কেটে পানির সঙ্গে মিশিয়ে হরলিক্স তৈরি করতে শুরু করেন।
এদিকে সোহম বারবার ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেন, এটি না করাই ভালো। কিন্তু ওই নারী ভক্ত জেদ ধরে বলেন, ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছেন, তাই আজ তাকে হরলিক্স খেতেই হবে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত সোহম হাসিমুখে বলেন, এখানে তো ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরই দেওয়া হোক।
উল্লেখ্য, মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে পা রাখেন সোহম চক্রবর্তী। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছোট বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। পরবর্তীতে ২০০৭ সালে ‘চাঁদের বাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন। ২০০৯ সালের ‘প্রেম আমার’ তার অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। এরপর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করলেও ‘হরলিক্স বয়’ পরিচয়টি আজও তার সঙ্গে জড়িয়ে আছে।
অন্যদিকে, ২০১৪ সালে রাজনীতিতে যোগ দিয়ে ধীরে ধীরে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবার নতুন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



