এনসিপির এই নেতা বলেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে। তারা ‘না’ ভোটের কথা বললেও জনগণ তাতে গুরুত্ব দেবে না; বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। যাঁরা ফ্যাসিবাদের দোসর এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। এ জন্য শুরু থেকেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসছেন বলে জানান আখতার।

