
ঢাকা, ২ সেপ্টেম্বর – বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে দুই দেশের সরকারের মধ্যে বর্তমানে আলোচনা চলছে বলে তিনি জানান।
বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন যে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সব ধরনের সংলাপ চালিয়ে যাওয়া হবে। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই লক্ষ্যে দুই দেশের সংসদে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন এবং বিভিন্ন সংসদীয় কার্যক্রমের সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।
হাইকমিশনার উল্লেখ করেন যে দুই দেশের সংসদ কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও কার্যকরভাবে কাজ করতে পারে এবং জনগণের সংযোগ বৃদ্ধি করা যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি একে গণতন্ত্রের একটি সৌন্দর্য হিসেবে অভিহিত করেন।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতার প্রশংসা করেন দীনেশ ত্রিবেদী। তিনি স্পিকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি একজন দক্ষ ফুটবলার হিসেবে তার পরিচিতির বিষয়টিও আলোচনায় আনেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা সংকট ও তাদের পুনর্বাসন এবং দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।
এস এম/ ২ সেপ্টেম্বর ২০২৬
