
ঢাকা, ১২ এপ্রিল – দেশজুড়ে ছেঁড়া, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে সব তফসিলি ব্যাংকের জন্য এ ধরনের নোট গ্রহণ এবং এর বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে জানিয়েছে যে এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক থেকে এই বিষয়ে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয় যে জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করার জন্য ব্যাংকের সব শাখায় বিধি অনুযায়ী ছেঁড়া ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে। এর পরিবর্তে গ্রাহকদের নতুন বা পুনরায় ব্যবহারযোগ্য নোট দেওয়ার সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে বাজারে এই ধরনের নোটের আধিক্য দেখা যাচ্ছে যার কারণে নগদ লেনদেনে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ক্লিন নোট পলিসি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার ছোট মূল্যমানের নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা বা গাফিলতি দেখা দিলে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সব তফসিলি ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
এনএন/ ১২ এপ্রিল ২০২৬






