সরকারি ছুটির দিন শুক্রবার (১৩ মার্চ) ও শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিচালিত প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে। দেশের জ্বালানি তেল সরবরাহে ভোগান্তি না ঘটে এমন লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবের কারণে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এমন একাধিক উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিন সুলতান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী দেশের জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত রাখতে বিদেশ থেকে নিয়মিত আমদানি ও পার্সেল আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের জন্য প্রধান স্থাপনা থেকে সারা দেশের ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশ অনুযায়ী সরকারি ছুটির দিনও বিপিসি’র সব বিপণন কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে, যাতে তেল সরবরাহে কোনো ব্যাঘাত না ঘটে।
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে দেশজুড়ে তেল বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় সরকার এই উদ্যোগ নিয়েছে।






