চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, আর্সেনাল, জুভেন্টাস, পিএসজি ও টটেনহ্যাম হটস্পারের মতো দলগুলো। বড় ব্যবধানে জয় তুলেছে টটেনহ্যাম। জার্মান ক্লাব বায়ার্ন হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজিকে। ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ।
অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রথমার্ধে জালের দেখা পায়নি লিভারপুল-রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচের ৬১ শতাংশ বল ছিল রিয়ালের দখলে। এর মধ্যে ৮টি শট নিয়ে রিয়াল পোস্টে রাখতে পেরেছে কেবল ২টি। লিভারপুল ১৭টি শট নিয়ে রাখতে পেরেছে ৯টি। মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে গোল করতে পারল না রিয়াল।
গোলহীন প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে জালের খোঁজে মরিয়া হয়ে উঠে দুদলই। তাতে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। সেখান থেকে সুযোগ কাজে লাগায় লিভারপুল। ৬১ মিনিটে দারুন এক হেডারে দলকে এগিয়ে দেন ম্যাক আলিস্টার। শেষপর্যন্ত দুদলের কেউই আর জালের দেখা না পেলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এদিকে মৌসুমে টানা ১৬ ম্যাচে ১৬ জয় পেল বায়ার্ন মিউনিখ। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লুইস দিয়াজ জোড়া গোলে স্বাগতিকদের ২-১ গোলে হারায় ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
শুরুর চার মিনিটেই বায়ার্নকে লিড এনে দেন লুইস দিয়াজ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময় আশরাফ হাকিমিকে ফাউল করায় লাল কার্ড দেখেন দিয়াজ।
দ্বিতীয়ার্ধে পিএসজি একের পর এক আক্রমণ চালালেও বাধা হয়ে দাঁড়ান জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ম্যাচের ৭৪ মিনিটে জাও নাভাস বায়ার্নের জালে বল পাঠালে শুধু ব্যাবধান কমাতে পারে পিএসজি। পরবর্তীতে আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানির ক্লাবটি।

রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে সেন্ট জিলোয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৭২ মিনিটে কনর গ্যালাহারের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ ক্লাবটি। ৮০ মিনিটে ব্যাবধান কমান রস সাইকস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময় অ্যাটলেটিকোর হয়ে তৃতীয় গোলটি করেন মার্কোস লোরেন্টে।
রাতের প্রথম ম্যাচে মিকেল মেরিনোর জোড়া গোলে স্লাভিয়া প্রাগকে ৩-০তে হারিয়েছে আর্সেনাল। এছাড়া ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে ৪-০তে জিতেছে টটেনহ্যাম। স্পোর্টিং সিপির সাথে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।
চ্যাম্পিয়ন্স লিগে চার রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এছাড়া ৯ পয়েন্ট করে নিয়ে তিনে পিএসজি, চারে ইন্টার মিলান, পাঁচে রিয়াল মাদ্রিদ এবং ছয়ে আছে লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম।




