চ্যাম্পিয়ন পিএসজিকে নেচে-গেয়ে বরণ করে নিলো প্যারিস | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন পিএসজিকে নেচে-গেয়ে বরণ করে নিলো প্যারিস | চ্যানেল আই অনলাইন

আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপ সেরার মুকুট ধরে রেখে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ট্রফি নিয়ে প্যারিসে পৌঁছেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ীদের বরণ করে নিতে প্যারিসের রাস্তায় নেমেছে হাজারো ভক্ত-অনুরাগীর ঢল। নেচে-গেয়ে চ্যাম্পিয়নদের বরণ করে নিয়েছেন সমর্থকরা।

শনিবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংলিশ ক্লাব আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ (নির্ধারিত সময়ে ১-১) ব্যবধানে হারিয়ে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লুইস এনরিকের শিষ্যরা।

রোববার ট্রফি নিয়ে প্যারিসের বিমানবন্দরে নামার পর থেকেই শুরু হয় উদযাপন। ক্লাবটির ঐতিহাসিক লাল-নীল জার্সি ও পতাকা হাতে হাজার হাজার সমর্থক বিমানবন্দর এলাকায় জড়ো হন। খেলোয়াড়রা যখন একে একে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরেন, তখন ভক্তদের মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ঐতিহাসিক শজ-এলিজে অ্যাভিনিউ এবং ক্লাবের হোম গ্রাউন্ড পার্স দেস প্রিন্সেসের চারপাশে জয়োল্লাসে মাতেন সমর্থকরা। আতশবাজি ও ক্লাবের থিম সং গেয়ে পুরো প্যারিসকে যেন এক উৎসবের নগরীতে পরিণত করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অধিনায়ক মার্কিনিওস, ওসমানের ডেম্বেলে এবং পেনাল্টি শ্যুটআউটের নায়ক লুকাস বেরালদোরা ভক্তদের উষ্ণ অভ্যর্থনার জবাব দেন হাত নেড়ে।

এই জয়ের মাধ্যমে প্রথম ফরাসি ক্লাব হিসেবে ইউরোপসেরার মঞ্চে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার নতুন ইতিহাস লিখল পিএসজি।

Scroll to Top