বিশ্বকাপে জার্মানির জন্য বড় ধাক্কা। দলের নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নিকো শ্লোটারবেক বাঁ-পায়ের গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
জার্মানির ফুটবল ফেডারেশন সোমবার জানিয়েছে, বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডারকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পান তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন শ্লোটারবেক এবং ৩৮ মিনিটে গোলও করেন। সেন্টার-ব্যাক হয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
শ্লোটারবেককে হারানোয় হতাশ জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। তিনি বলেছেন, ‘শ্লোটারবেকের রক্ষণ সামলানোর দক্ষতা ও বিল্ড-আপ প্লে দলের জন্য বড় সম্পদ ছিল এবং এই বিশ্বকাপটি তার জন্য বিশেষ কিছু হতে পারত। তবে ইতিবাচক মানসিকতার কারণে তিনি দ্রুত পরিস্থিতি সামলে উঠবেন।’
শ্লোটারবেকের অনুপস্থিতিতে জার্মানির সেন্ট্রাল ডিফেন্সে জোনাথন তাহর সঙ্গে অ্যান্টনিও রুডিগারের জুটি দেখা যায়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।



