চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

চূড়ান্ত ভোটার তালিকা

শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৪ নভেম্বর খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে লিংক পাঠানোর কাজ শেষ হবে। ৫ নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে।

তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর। এসব আবেদন নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। আবেদনের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা।

চিঠিতে বলা হয়েছে, এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার আহ্বান জানাতে হবে। এ জন্য মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে এ তথ্য প্রচারের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষের তালিকায় নারী ভোটার কিংবা নারীর তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, ধর্মসংক্রান্ত ভুলসহ অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Scroll to Top