
চুয়াডাঙ্গা, ২৩ জুলাই – চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচজনকে পুশইন করার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর চারটার দিকে সীমান্তের ৭৬/৪ এস পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
পুশইনের তালিকায় এক শিশু, তিনজন নারী ও একজন পুরুষ ছিল বলে জানা গেছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, ভোরে দর্শনা সীমান্ত দিয়ে অজ্ঞাত পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ।
তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি টহল দলের নজরে পড়ে যায়। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা প্রদান করেন এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান নিতে বাধ্য করেন। বিজিবির অনড় অবস্থানের মুখে পরবর্তীতে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
এস এম/ ২৩ জুলাই ২০২৬





