চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেকারির মিক্সার মেশিনে জড়িয়ে সোহান আলী (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
রোববার ৭ ডিসেম্বর দুপুরে আলমডাঙ্গা আনন্দধাম এলাকার ক্যানালপাড়ায় ভাই-বোন বেকারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সোহান আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চাপড়াকাছারী গ্রামের চেয়ারম্যানপাড়ার মিনারুল ইসলামের ছেলে।
বেকারির মালিক নাসির উদ্দিন জানান, আমি দেড় মাস আগে বেকারি চালু করেছি। বেকারির শুরু থেকেই সোহান কাজ করছিলেন। তিনি দুপুরে বেকারিতে মিক্সার মেশিনে ময়দার খামির তৈরি করছিল। অসাবধানতাবশত মেশিনে হাত জড়িয়ে ভেতরে পড়ে যান। বেকারিতে অন্য শ্রমিকরা তার চিৎকার শুনে ছুটে আসলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



