চীন থেকে জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে সরকার – DesheBideshe



ঢাকা, ২৫ আগস্ট – বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চীন থেকে জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রদান করেন। উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বর্তমান সরকার দেশের আকাশসীমা সুরক্ষায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি চীনের জে-১০ যুদ্ধবিমানের রণক্ষমতার প্রশংসা করে বলেন, সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে এই বিমানগুলো অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশযুদ্ধের উদাহরণ টেনে তিনি জানান, ইউরোপীয় প্রযুক্তির রাফাল যুদ্ধবিমানের তুলনায় ৪.৫ প্রজন্মের এই চীনা যুদ্ধবিমানগুলো অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে নিজস্ব স্বার্থ রক্ষায় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের বাধাগুলো এখন দূর হয়েছে। তিনি ৫ আগস্ট পরবর্তী সময়কে একটি স্বাধীন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি চর্চার সুযোগ হিসেবে উল্লেখ করেন। উপদেষ্টা স্পষ্ট করেন যে, ২০২৪ সালের অর্জনকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করার সুযোগ নেই।

বরং ১৯৭১ সালের ভিত্তির ওপর দাঁড়িয়ে বর্তমান সময়টি আমাদের নিজস্ব সক্ষমতা জাহির করার একটি সুযোগ তৈরি করেছে। প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬



Scroll to Top