চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হংকং ও শ্রীলঙ্কাকে হারানোর পর চীনের বিপক্ষেও ধারাবাহিক বাংলাদেশ। ৫-২ গোলে চীনকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

চীনের দাজহুতে রোববার পুল-এ’র ম্যাচে লাল-সবুজ দলের হয়ে জোড়া গোল করেছেন ইসমাইল হোসেন। বিশাল আহমেদ, জনি ইসলাম ও অমিত হাসান করেন একটি করে গোল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ।

স্বাগতিকদের বিপক্ষে প্রথম কোয়ার্টারে দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭ মিনিটে ফিল্ড গোল করেন ইসমাইল। মিনিট খানেক পরই বিশাল আহমেদের হিটে ব্যবধান দ্বিগুণ হয় লাল-সবুজদের।

দ্বিতীয় কোয়ার্টারে কেউ জালের দেখা পেলেও তৃতীয় কোয়ার্টারের শুরুতে একটি গোল শোধ করে চীন। এরপরই জনি ইসলাম, ইসমাইল হোসেন ও অমিত হাসান গোল করে বাংলাদেশকে চালকের আসনে বসান।

চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল শোধ করে চীন। শেষ অবধি ৫-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

হংকংয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে পুল পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে হারায়। পুল পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।

Scroll to Top