বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস জাভেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
তিনি বলেন, জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন পর পর তাকে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হতো। বার্ধক্যজনিত রোগে বুধবার সকাল ১১.১৫ মিনিটে তিনি রাজধানীর উত্তরায় নিজ বাসায় । তার জানাজা ও দাফন কখন কোথায় হবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
১৯৬৪ সালে মুক্তি পাওয়া উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন।
এছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন।



