চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’ | চ্যানেল আই অনলাইন

রাজধানীতে নারী যাত্রীদের জন্য আজ মঙ্গলবার চালু হচ্ছে বিশেষ বাসসেবা ‘পিংক বাস’। বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) এই সেবা চালু করছে। বাসটির চালক ও সুপারভাইজার থাকবেন নারী।

সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে ‘পিংক বাস’ সেবার উদ্বোধন করা হবে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহণ খাতে নারীর কর্মসংস্থান বাড়ানোও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

রাজধানীতে ১০টি বাস ও বগুড়া-চট্টগ্রামে ২টি করে বাস নামবে রাস্তায়।

রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও ব্যবসায়ী গণপরিবহণ ব্যবহার করেন। অতিরিক্ত ভিড়, আসন সংকট ও হয়রানিসহ নানা সমস্যার কারণে তাদের অনেককেই নিয়মিত ভোগান্তিতে পড়তে হয়। এমন পরিস্থিতিতে নারীদের জন্য পৃথক বাসসেবা চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে নারী চালক ও সুপারভাইজার দিয়ে বাস পরিচালনার উদ্যোগটি পরিবহণ খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। দেশে গণপরিবহণে নারী কর্মীর সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম।

তবে নতুন এই সেবা কতটা কার্যকর হবে, তা অনেকটাই নির্ভর করবে এর রুট, সময়সূচি, বাসের সংখ্যা এবং নিয়মিত সেবা নিশ্চিত করার ওপর। পর্যাপ্ত বাস ও নির্ভরযোগ্য সময়সূচি থাকলে ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য গণপরিবহণের একটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

Scroll to Top