গল্পে গল্পে বেলা গড়ায়। খাওয়া দাওয়ার শেষ রাউন্ড কনেসহ অবশিষ্টদের। তাদের খাওয়া শেষ হওয়ার পর একটা সময়ে এবার কনের বিদায়ের পালা। পরিবেশ ভারী হতে থাকে। ইঙ্কির চোখ ছলছল, কান্নাকাটি শুরু করেছেন তাঁর নিকট আত্মীয় ও বন্ধুবান্ধবরাও। এই পর্যায়ে কনের সঙ্গে কনেযাত্রীর একটা দল কনের সঙ্গে বরের বাড়ি পর্যন্ত যায়, এটাকে বলে ‘বউ বারে দে না’, অর্থাৎ বউকে এগিয়ে দেওয়া বা পৌঁছে দেওয়া। আমার স্ত্রী বলছিলেন, ‘আহারে, ইঙ্কিটারও বিয়ে হয়ে গেল! ওরা সুখী হোক।’
ইঙ্কি রাঙামাটিতে রিকোর বাড়িতে পৌঁছলে রীতি অনুযায়ী ইঙ্কিকে বরণ করা হয়। এটাকে বলে ‘বউ তুলানা’।
রিকোর বাড়ির সদর দরজার দুই পাশে দুটো কলসি, এগুলোর গলায় সুতা বাঁধা। কলসির ওপর পাত্র, তার ওপর জ্বলন্ত মোমবাতি। কনে ও বরপক্ষ বধূবরণের অনুমতি চাইবেন বাড়ির বড়দের কাছে। অনুমতি পাওয়ার পর, ইঙ্কি ও রিকোর পা ধুইয়ে দেন ইঙ্কির দেবর-ননদেরা। এরপর ইঙ্কিকে তাঁর শাশুড়ি সুতায় বেঁধে ঘরে প্রবেশ করান। সুতায় বেঁধে বলতে সুতার এক পাশ ইঙ্কির শাশুড়ির হাতে, আরেক পাশ ইঙ্কির আঙুলে বাঁধা। ইঙ্কিকে তাঁর শাশুড়ি সুতা দিয়ে টেনে নিয়ে প্রথমে ঘরে প্রবেশ করান, এরপর কলসির গলার সুতা কাটেন। এরপর ফুলঘরে নিয়ে যান। ফুলঘর বলতে কনের জন্য ফুল দিয়ে সাজানো ঘর।
এরপরেই ‘জদনবানাহ’ পর্ব, যেটা একেবারে শুরুতে উল্লেখ করেছি।


