রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া ও গুলিস্তানে ফুটপাতে জমে উঠেছে চাঁদরাতের ঈদের বাজার। পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, শার্ট, থ্রি–পিস, লেহেঙ্গা ও জুতার পাশাপাশি চলছে মেয়েদের প্রসাধনী ও ছেলেদের আতর-টুপি বিক্রি। পুরুষদের পাশাপাশি নারীদেরও চাঁদরাতের বাজারে দেখা গেছে। তবে ফুটপাতে ভিড় দেখা গেলেও বিপণিবিতানগুলোতে তুলনামূলক কম ভিড় দেখা গেছে।
বুধবার রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর এলিফ্যান্ট রোড ও ধানমন্ডি এলাকার চেয়ে নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা, চাঁদনীচক ও গুলিস্তানের ফুটপাত ঘিরে ক্রেতা-বিক্রেতাদের সমাগম বেশি। কিছুটা কম দামে পণ্য কেনার জন্য মানুষ ফুটপাতে ভিড় জমিয়েছেন বলে ধারণা ব্যবসায়ীদের। তবে শেষ মুহূর্তে ভালো বেচাকেনা করতে পারলেও ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় তাদের ব্যবসা কম হয়েছে।



