চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী নিহত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‎চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০ টার সময় উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও‌ একটি মোটরসাইকেলে সাইকেল জব্দ করে পুলিশ।

‎নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভা এলাকার পূর্ব বড়ালী গ্রামের মিজি বাড়ির মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। তিনি পেশায় একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। তিনি ২ সন্তানের জনক।

‎ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সোহাগ হোসেন জানান, তিনি দয়াগাজী বাড়ি মসজিদের সামনে অবস্থান করার সময়ে একটি মোটরসাইকেলে হেলমেট ও মুখোশধারী দুই আরোহী অন্য একটি মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

‎স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমেদসহ আরো অনেকে বলেন, গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে এসে দেখেন মোটরসাইকেলসহ সড়কের উপর একজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে।

‎নিহত রুহুল আমিনের চাচা মো. আলী হোসেন মিজি বলেন, রুহুল সিটি গ্রুপের বেঙ্গল কোম্পানির চা পাতা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে তিনি কোম্পানির পণ্য নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বের হয়েছেন। এরপর রাতে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভাতিজার মরদেহ শনাক্ত করেন তিনি।

‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে‌ পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ‌

এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই‌ কর্মকর্তা।

Scroll to Top