অগ্রহায়ণের শুরু থেকেই পঞ্চগড়ে মেঘলা আকাশ, কুয়াশা আর উত্তুরে বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছিল। বিকেল হলেই গায়ে শীতের কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে বাসিন্দাদের। রাতে ঘুমাতে হচ্ছে কাঁথা–কম্বল জড়িয়ে।
গতকাল সন্ধ্যার পর থেকে আকাশে মেঘ ও কুয়াশা কমতে থাকে। এতে উত্তরের হিমেল বাতাসে রাতের তাপমাত্রা কমতে শুরু করে। আজ সকালে তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ার আকাশ গত কয়েক দিন পুরোপুরি মেঘাচ্ছন্ন ছিল। গতকাল রাত থেকে মেঘ ও কুয়াশা কমে গেছে। তবে হালকা হিমেল বাতাস আছে। এখন আকাশের আট ভাগের চার ভাগ মেঘাচ্ছন্ন, মেঘ লুকোচুরি খেলছে। রাতে বেশি শীত অনুভূত হলেও সকালে সূর্য ওঠায় মানুষের মধ্যে স্বস্তি আছে।


