নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে একের পর এক চমক দিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। অভিনব প্রচারণার অংশ হিসেবে এবার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্র শমসের হিসেবে চঞ্চল চৌধুরীকে পরিচয় করিয়ে দিলেন তিনি।
বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান রাফী। নির্মাতা বলেন, এর আগে অভিনেতার সঙ্গে দুবার কাজ করার সুযোগ হলেও দুটিই ছিল ক্যামিও ধরনের চরিত্র। ফলে তাঁর অভিনয়ের পুরোটা দর্শকের সামনে তুলে ধরার সুযোগ হয়নি।
রাফীর ভাষায়, ‘সত্যি বলতে কী, বাংলাদেশের কোনো ছবি দেখে আমার কখনও মনে হয়নি—হ্যাঁ, চঞ্চল ভাই তাঁর পুরো ট্যালেন্ট দেখাতে পেরেছেন। সমস্যা হচ্ছে, ভদ্রলোকের ট্যালেন্টের যেন শেষ নাই। তাই পুরোটা দেখানো আদৌ সম্ভব কিনা, সেটাও জানি না।’
তবে ‘আন্ধার’-এ সেই চেষ্টাই করেছেন বলে জানান নির্মাতা। তার দাবি, শমসের চরিত্রে চঞ্চল চৌধুরী এমন কিছু করেছেন, যা অন্য কারও পক্ষে করা সম্ভব ছিল না।
রাফী লিখেছেন, ‘আন্ধার-এ আমি চেষ্টা করেছি, চঞ্চল ভাই আসলে কী জিনিস, তার অন্তত কিছুটা হলেও দর্শকদের দেখানোর। আর আমরা পুরো টিম মনেপ্রাণে বিশ্বাস করি—শমসের চরিত্রে উনি যা করেছেন, সেই ম্যাজিক অন্য কারও পক্ষে সম্ভব ছিল না।’
এরপরই চঞ্চল চৌধুরীকে ‘শমসের’ চরিত্রে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন রাফী।
এর আগে নাজিফা তুষি, আফসানা মিমিসহ সিনেমাটির বিভিন্ন চরিত্রের ঝলক প্রকাশ করেছেন নির্মাতা। এবার চঞ্চল চৌধুরীর চরিত্র সামনে আসায় ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
রায়হান রাফী পরিচালিত বাংলাদেশের অন্যতম বড় বাজেটের হরর সিনেমা ‘আন্ধার’। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, গাজী রাকায়েত, মোস্তফা মন্ওয়ার, তানজিকা আমিনসহ অনেকে।
অক্টোবরের দুর্গাপূজার ছুটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।


