ঘুষের লাখ টাকাসহ দুদকের জালে উপজেলা প্রকল্প কর্মকর্তা | চ্যানেল আই অনলাইন

ঘুষের লাখ টাকাসহ দুদকের জালে উপজেলা প্রকল্প কর্মকর্তা | চ্যানেল আই অনলাইন

ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহায়ক আবু নাছেরকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি দল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পিআইও অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডেলে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদকের ফেনী-নোয়াখালীর জোনের উপ-পরিচালক ফারুক আহাম্মদের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে।

দুদক কর্মকর্তারা জানান, হুমায়ুন নামে এক ঠিকাদারের নিকট ১২ লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় দুদকের উপ-সহকারি পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদি হয়ে মামলা দায়ের করছেন।

অভিযোগকারী ঠিকাদার হুমায়ুন কবির বলেন, সরকারি কাজ করার পর বিল উত্তোলন করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদকে ৫ লাখ টাকা ঘুষ প্রদানে বাধ্য করেছে। ফের ১ লাখ টাকা ঘুষ চাইলে বাধ্য হয়ে দুদকের কাছে অভিযোগ করি।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে পার্সেন্টিস হারে ঘুষ আদায় করতেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সহযোগিতায় ঘুষ আদায়ে বেপরোয়া ছিলেন গ্রেপ্তারকৃত এই কর্মকর্তা।

শেখ হাসিনা সরকারের পতনের পর অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা ঘুষ গ্রহন করেছেন। এছাড়াও ভূয়া প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা জানান, ঘটনার সময় তিনি তার কার্যালয়ে ছিলেন না, ছুটিতে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন। তিনি বিষয়টি শুনেছেন এবং খবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

Scroll to Top