ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ | চ্যানেল আই অনলাইন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ | চ্যানেল আই অনলাইন

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আজ ২ জানুয়ারি শুক্রবার রাত ৩টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। বর্তমানে মাঝ নদীতে দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এছাড়া পাটুরিয়া ঘাটে চারটি এবং দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি অবস্থান করছে।

এর আগে রাত ১০টার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় পাড়ে পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়েছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কুয়াশার ঘনত্ব কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

Scroll to Top