
ঢাকা, ১৫ মার্চ – ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগ্স অ্যান্ড ক্রাইম এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অরগানাইজেশনের যৌথ আয়োজনে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ফ্রড সামিট ২০২৬। এই সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী এই সামিট ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনের পাশাপাশি মন্ত্রী গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং ন্যাশনাল কমিটমেন্টস অন কমব্যাটিং ফ্রড শীর্ষক বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন।
এছাড়া সামিটের সাইডলাইনে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সামিটে অংশ নিতে রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। সম্মেলন শেষে আগামী ২০ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এস এম/ ১৫ মার্চ ২০২৬





