মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কা ও স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। আগের দুই ম্যাচ জিততে লাল-সবুজদের ঘাম ঝরাতে হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপট দেখিয়েছে লাল-সবুজ দল। লতা মন্ডলের দারুণ পারফরম্যান্সে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে বুধবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে শারমিন সুলতানা-লতারা। জবাবে ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেট হারিয়ে ৬১ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।
টানা তিন জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিতে খেলবে টিম টাইগ্রেস। ৩ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। একটি করে ম্যাচ হারায় নিকটতম দল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকিয়ে শীর্ষে উঠতে পারবে না।
আগে ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা খুব বেশি ভালো ছিল না। ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে বিদায় নেন ইশমা তানজিম। ওপেনারের বিদায়ের পর শারমিন সুলতানা ও রুবিয়া হায়দারের ৩৭ রানের জুটিতে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ দুই ওভারে আরও দুটি উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।
রুবিয়া হায়দার ১৪ রানে এবং সুমাইয়া আক্তারের শূন্য পর শারমিনও ফেরেন ৩০ রান করে। ৫২ রানে চার উইকেট পড়ার পর ফাহিমা খাতুন ও লতার ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক ফাহিমা ২৯ করে ফিরে গেলে লতার ব্যাটে দেড়শ পার করে বাংলাদেশ।
ইনিংসের শেষ বলে ফিফটি থেকে ২ রান দূরে থাকতে আউট হন লতা। ৪৪ বলে ৪ চারে ৫৮ রান করেন তিনি। সাদিয়া আক্তারের ১১ বলে ২ ছয়ে সাজানো ১৯ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নুর দানিয়া সিউহাদা।
লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে ফাতেমা জাহানের শেষ দুই বলে উইকেট হারায় মালয়েশিয়া। বাকি সময়ে নিয়মিত তাদের উইকেট নিতে থাকে বাংলাদেশের মেয়েরা। কেবল নুর আরিয়ান্না নাতসিয়া দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২২ রানে অপরাজিত ছিলেন তিনি।
মালয়েশিয়াকে ৯ উইকেটে ৬১ রানে আটকাতে ফাতেমা চার ওভারে ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। শরিফা খাতুন শিকার করেন ২ উইকেট। আর অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হওয়া লতা নেন এক উইকেট।




