এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লিওনেল মেসিদের খেলা দেখতে তারকাদের হাট বসেছিল ইন্টার মিয়ামি- লস অ্যাঞ্জেলেস এফসি ম্যাচে। গ্যালারিতে হাজির হন বাস্কেটবল কিংবদন্তি স্টেফেন কারি, জিমি বাটলার, ড্রেমন্ড গ্রিন। কিংবদন্তি সংগীতশিল্পী লায়নেল রিচি, অভিনেতা জেইমে কামিল, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডল জেনার থেকে শুরু করে মেসির জাতীয় দলের গুরু লিওনেল স্কালোনি পর্যন্ত ছিলেন। মিয়ামির মালিক পক্ষের অন্যতম সদস্য ডেভিড বেকহ্যামও ছিলেন, ম্যাচে মেসিরা দেখেছেন হার।
কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বৃহস্পতিবার বিএমও স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ১-০তে হেরেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ৫৭ মিনিটে এলএএফসির হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড নাথান ওরদাজ।
প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এ পরাজয়ের পর ৯ এপ্রিল ফোর্ট লডারডেলে ফিরতি লেগে লড়াইয়ে নামবে দুদল। আর্জেন্টাইন কোচের অধীনে ১০ ম্যাচে এটাই প্রথম হার মিয়ামির।
শুরুর একাদশে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি এদিন ম্যাচের প্রথমার্ধে দুটি ফ্রি-কিক মিস করেন। শেষ মিনিটে আরেকটি ফ্রি-কিক কাজে লাগাতে পারেননি। ৭৯ এবং ৮৬ মিনিটে গোলমুখে দুটি শট নিলেও মেসির ঝুলিতে আসেনি সাফল্য।



