ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ তিনজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইকান্দি গ্রামের মোতালেব পাইক (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), তাদের মেয়ে রুমা বেগম (৩৫) এবং কাশিয়ানী উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৪৮)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা শনিবার দুপুরের দিকে মাদারীপুর থেকে ইজিবাইক করে ফরিদপুর আলফাডাঙ্গায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। তাদের গাড়ীটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড অদুরে পৌঁছালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে।
এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং ছয়জন আহত হন। গুরুত্বর আহতদের উদ্ধার করে স্থানীয় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় আর দুজনের মৃত্যু হয়।



