গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা রেলসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর রেললাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে কে বা কারা ৭০ বা ৭৫ বছর বয়সের একজন বৃদ্ধ নারীকে মুকসুদপুর রেললাইনের মাঝখানে বসিয়ে রেখে চলে যায়। যাওয়ার সময় তারা বলে যায়, ট্রেন আসলে তাকে ট্রেনে করে ভাঙ্গা উপজেলায় নিয়ে যাবে। এলাকার লোকজন তাকে রেললাইনের মাঝখানে বসা দেখতে পেয়ে সেখান থেকে সরিয়ে অন্য কোথাও বসানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
তিনি বলেন, এরপর রাতে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকাগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি মুকসুদপুর রেলস্টেশনের ৫০ গজ দূরে রেললাইনের উপর বসে থাকা অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যায়। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।




