৫ আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ত্যাগ করলেও ঢাকার বেশ কিছু স্থানে পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে। এর মধ্যে উত্তরা পূর্ব থানার সামনেও ছাত্র–জনতার ওপর গুলি ছোড়া হয়। সেখানে এক শিশুর গুলিবিদ্ধ হয়ে চোখ হারানোর হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিয়েছেন তার বাবা।
ওই শিশুর নাম ইশান সিকদার (১৩)। সে টঙ্গীর সিরাজ উদ্দিন বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র। গুলিতে তার বাঁ চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ইশান মা–বাবার সঙ্গে ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে থাকে। তার বাবা বাবুল হাওলাদার একজন স্যানিটারি মিস্ত্রি। তাঁদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে। গত ৩০ নভেম্বর ঝালকাঠি জেলা প্রশাসক আয়োজিত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণসভায় উপস্থিত ইশান সিকদার ও তাঁর বাবা বাবুল সিকদার সেই দিনের বিভীষিকার কথা তুলে ধরেন।
বাবুল সিকদার প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তানের বাঁ চোখে দেখতে পাওয়ার সম্ভাবনা আর নেই। চিকিৎসকেরা তাঁর চোখে কৃত্রিম চোখ লগিয়ে দিয়েছেন। ছেলের চিকিৎসায় আমার পেশায় সময় দিতে না পারায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। ঢাকায় বাসাভাড়া দিতেও পারছি না।’