
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – গণভোটের মাধ্যমে সংস্কার বিষয়ে যে পরিষ্কার গণরায় এসেছে, সেটি বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর— এমন মন্তব্য করেছেন গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ।
আজ (শনিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, গণভোটের মাধ্যমে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, ক্ষমতাসীন দল, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দল এবং সংসদের বাইরে থাকা সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান— আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় ভিন্নমতের প্রতি যে শ্রদ্ধা ও সহনশীলতা রাজনৈতিক দলগুলো দেখিয়েছে এবং আপস-সমঝোতার যে ঐতিহ্য তৈরি করেছে, তা ধরে রেখে জনরায় সমর্থিত এই দলিল বাস্তবায়নের দায়িত্ব তাদের ওপরই ন্যস্ত হয়েছে।
আলী রীয়াজ বলেন, জনসাধারণের প্রতি আহ্বান তারা যেন এই প্রক্রিয়া এগিয়ে নিতে সহযোগিতা করে। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন— ভবিষ্যতের বাংলাদেশ আপনাদের, সেই বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সংসদ সদস্য ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দনও জানান আলী রীয়াজ। তিনি বলেন, দীর্ঘদিন পর একটি সত্যিকারের নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কা নস্যাৎ করে দেওয়ার জন্য নির্বাচনে অংশ নেওয়া জনগণকেও অভিনন্দন।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





