গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe



প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সাক্ষাৎকালে আইপিইউ সেক্রেটারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা প্রদান করে। জবাবে তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারা সুগম করতে পেরেছি। এই সংগ্রামের পথে দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা শক্তিশালী হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে। তারেক রহমান বলেন, আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে আমরা গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও সেবা নিশ্চিতে কাজ করছে। আইপিইউ সেক্রেটারি বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রশংসা করে জানান যে শিক্ষা খাত ও কমিউনিটিভিত্তিক কর্মসূচির উদ্যোগগুলো অত্যন্ত ইতিবাচক। তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং আইপিইউর সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে স্পিকারের অংশগ্রহণের মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে নারীর ক্ষমতায়ন ও তরুণ সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন আন্দা ফিলিপ। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং উপবৃত্তি চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যের কথা জানান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এস এম/ ১ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top