গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে বিহারের স্বার্থ রক্ষার আশ্বাস এস জয়শঙ্করের – DesheBideshe



নয়াদিল্লি, ২৩ আগস্ট – বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে বিহারের স্বার্থ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিহারের উপমুখ্যমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রী বিজয় কুমার চৌধুরী শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের শেষ নাগাদ ঐতিহাসিক এই চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এই বিষয়টিকে সামনে রেখে গত শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী।

বৈঠকে বিহারের ক্ষমতাসীন রাজনৈতিক দল জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় কুমার ঝা এবং ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনসহ জলশক্তি ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিহার সরকারের দীর্ঘদিনের অভিযোগ যে বাংলাদেশ ও ভারতের মধ্যে পূর্ববর্তী চুক্তি স্বাক্ষরের সময় রাজ্যের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। বিহারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ফারাক্কা ব্যারাজে পৌঁছানো গঙ্গার পানির সিংহভাগই বিহারের নদী অববাহিকা অঞ্চল থেকে আসে।

তবে পানীয় জল সরবরাহ, সেচ ব্যবস্থা ও শিল্পায়নের জন্য বিহার প্রয়োজনীয় পানির ন্যায্য ভাগ পায় না।চুক্তি নবায়নের সময় এই বঞ্চনা দূর করার দাবি জানিয়েছে রাজ্য সরকার। বৈঠকে বিহারের পানিসম্পদ ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

কেন্দ্রের পক্ষ থেকে বিহারের উদ্বেগের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজয় কুমার চৌধুরী।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬



Scroll to Top