খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম | চ্যানেল আই অনলাইন

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম লন্ডনভিত্তিক চ্যানেল এস টিভিতে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম আওয়ামী লীগের দেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।

মঙ্গলবার ৩১ মার্চ প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে ফেরার মতো কোনো নিশ্চয়তা ছিল না। তবে বর্তমান রাজনৈতিক সরকারের প্রতি একটি আস্থার জায়গা তৈরি হওয়ায় তারা ফেরার বিষয়ে আশাবাদী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারও কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি। আগের সরকারের মানুষের কাছে কোনো জবাবদিহিতা ছিল না। কিন্তু বর্তমান সরকার যেভাবেই নির্বাচিত হোক, এটি একটি রাজনৈতিক দলভিত্তিক সরকার। ফলে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, তারা সংবিধান ও মানুষের অধিকার মেনে চলবে। যদি তা না করে, তাহলে অতীতের মতো জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে নামতে আমরা প্রস্তুত।

দেশে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে শ ম রেজাউল করিম বলেন, খুব শিগগিরই আমরা দেশে ফিরব। নির্দিষ্ট দিন-তারিখ বলতে পারছি না, তবে মানসিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

তিনি অভিযোগ করেন, অতীতে দেশে না ফেরার অন্যতম কারণ ছিল নিরাপত্তাহীনতা। রাস্তাঘাটে ‘মব’ সহিংসতার আশঙ্কা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিহত হয়েছেন। সেই পরিস্থিতি বন্ধ হলে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে আমরা আইনি লড়াই করতে পারব বলেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বর্তমান সরকারের প্রতি আংশিক আস্থা প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক সরকার হিসেবে তারা অন্তত জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে—এমন প্রত্যাশাই তাদের দেশে ফেরার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

বর্ণনায় আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থার ঘাটতি থাকলেও বর্তমান রাজনৈতিক সরকারের ওপর কিছুটা আস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।

Scroll to Top