
ঠাকুরগাঁও-১, ১২ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার সুদীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে কখনো কোনো আপস করেননি। বক্তব্যের শুরুতে তিনি গণতান্ত্রিক সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মির্জা ফখরুল বলেন, তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা খালেদা জিয়া একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার মূল লক্ষ্যই ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের উন্নয়ন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের অনুমোদন তার যুগান্তকারী পদক্ষেপ। পাশাপাশি কৃষকদের ঋণ মওকুফ এবং দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভ্যাট চালু করার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য।
ফখরুল অভিযোগ করেন যে, বিগত স্বৈরাচারী সরকার তাকে হত্যার গভীর ষড়যন্ত্র করেছিল। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পর তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ভালোবাসা ও কল্যাণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। সংসদ অধিবেশনে বক্তব্যের এক পর্যায়ে প্রখ্যাত কবি আল মাহমুদের লেখা বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত একটি কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এস এম/ ১২ মার্চ ২০২৬





