খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনায় প্রতিটি মানুষের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ ২ ডিসেম্বর মঙ্গলবার দেওয়া ফেসবুক পোস্টে তিনি বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।

তিনি আরও বলেন, মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।

৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবনরক্ষাকারী ব্যবস্থা (ভেন্টিলেশনসহ) দেওয়া হয়। বিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।

Scroll to Top