
খাগড়াছড়ি, ২৪ মার্চ – খাগড়াছড়ি শহরের অদূরে আলুটিলা এলাকায় অবস্থিত জনপ্রিয় খাস্রাং রেস্টুরেন্ট সংলগ্ন একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২৪ মার্চ বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া দোকানটির দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। তবে এই অগ্নিকাণ্ডে মূল খাস্রাং রেস্টুরেন্ট বা এর পাশের কটেজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, স্থানীয় বাসিন্দা এবং পার্শ্ববর্তী আর্মি ক্যাম্প থেকে খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আগুনে দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ভেতরে থাকা একটি র্যাক ছাড়া আর তেমন কিছুই অবশিষ্ট নেই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এ এম/ ২৪ মার্চ ২০২৬





