
পটুয়াখালী, ৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন। তিনি উল্লেখ করেন, এই উদ্ধারকৃত অর্থ দিয়ে দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও নির্যাতিত জনপদগুলোর উন্নয়ন কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা হবে।
শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটুয়াখালী-২ বাউফল আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরের রাজনীতি জনগণকে কেবল দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, ফ্যাসিবাদ ও বিচারহীনতার সংস্কৃতি উপহার দিয়েছে। এই অচলায়তন ভেঙে একটি নতুন বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য।
নিজের দলের স্বচ্ছতার কথা তুলে ধরে তিনি বলেন, সুযোগ পেলে তারা সম্পূর্ণ পরিচ্ছন্ন হাতে দেশ পরিচালনা করবেন। তারা নিজেরা যেমন চাঁদাবাজি বা দুর্নীতি করবেন না, তেমনি অন্য কাউকেও তা করতে দেবেন না। তিনি ‘মামলা বাণিজ্য’ ও বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ব্যাংক লুটপাট বা শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে কাউকে নেতা বানানোর সুযোগ আর দেওয়া হবে না। বিভিন্ন প্রকল্প থেকে অর্থ চুরি করে বিদেশে পাচারের পথও চিরতরে বন্ধ করা হবে। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা লুট করে পাচার করা হয়েছে, যা উদ্ধার করা হবে।
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬





