মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ‘শত্রু’ হিসেবে বিবেচিত দেশগুলোতে ক্রীড়া ইভেন্টে দল পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করল ইরান। দেশটিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রায় একমাস পর এই ঘোষণা এলো।
ইরানের সংবাদমাধ্যমে খবর, তাদের জন্য যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেয়া কঠিন হয়ে পড়েছে। এমনকি ট্রাক্টর এসসি ক্লাবকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচের জন্য সৌদি আরবে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
দেশটি ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘যে দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হয় এবং যেগুলো ইরানি ক্রীড়াবিদদের, দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম, তাদের দেশে জাতীয় ও ক্লাব দলের উপস্থিতি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ।’
বিবৃতিতে কোন দেশকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়নি। ঘোষণায় বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি। আগামী জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, যেখানে ইরান অংশগ্রহণ করবে না।




