ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক লিক: বিস্ফোরণ আতঙ্কে ৪০ হাজার মানুষ উচ্ছেদ – DesheBideshe

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক লিক: বিস্ফোরণ আতঙ্কে ৪০ হাজার মানুষ উচ্ছেদ – DesheBideshe


ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক লিক: বিস্ফোরণ আতঙ্কে ৪০ হাজার মানুষ উচ্ছেদ – DesheBideshe

ওয়াশিংটন, ২৩ মে – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার ঘটনায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ প্রায় ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় এই বিপত্তি ঘটে। কর্তৃপক্ষ জানায়, কারখানার একটি বড় স্টোরেজ ট্যাংক মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ায় সেখান থেকে বিপজ্জনক গ্যাস বের হতে শুরু করে।

ওই ট্যাংকে প্রায় ৬ থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট রয়েছে যা মূলত প্লাস্টিক ও বিমানের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়। গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান যে ট্যাংকটি যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে।

উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঝুঁকি এড়াতে গার্ডেন গ্রোভ ছাড়াও সাইপ্রেস, স্ট্যানটন, আনাহাইম, বুয়েনা পার্ক এবং ওয়েস্টমিনস্টার শহরের নির্দিষ্ট কিছু অংশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও রাসায়নিক পদার্থটি পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

এটি মাটিতে মিশে যেতে পারে অথবা বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য দূষণ রোধে উদ্ধারকর্মীরা বালুর বস্তা দিয়ে কৃত্রিম বাঁধ তৈরি করছেন। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন যে এই গ্যাস মানবদেহে শ্বাসকষ্ট, চোখ জ্বালা এবং মাথাব্যথার মতো গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে।

দুটি ক্ষতিগ্রস্ত ট্যাংকের মধ্যে একটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অন্যটি এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩৮ মাইল দক্ষিণে অবস্থিত এই শহরটিতে ভিয়েতনামি জনগোষ্ঠীর বড় একটি অংশ বাস করে। ডিজনিল্যান্ড থিম পার্কের কাছাকাছি হওয়ায় এলাকাটিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এস এম/ ২৩ মে ২০২৬



Scroll to Top