এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শেষ চারের দৌড়ে টিকে থাকতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের। ব্যাটারদের ব্যর্থতায় তাতে ব্যর্থ হয়েছে দিল্লি। স্বাগতিকদের কাছে ৪৭ রানে হেরে বসেছে দলটি। এতে প্লে-অফের দৌড়ে কাগজে কলমে টিকে থাকলেও প্রায় অনিশ্চিত দিল্লির।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় দিল্লি। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ পায় বেঙ্গালুরু। জবাবে নেমে ইনিংসে পাঁচ বল বাকী থাকতে ১৪০ রানে গুটিয়ে যায় দিল্লি।
জয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে বেঙ্গালুরু। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে ছয়ে নেমেছে দিল্লি। শেষ ম্যাচে জিতলেও শেষ চারের আশা ক্ষীণ দিল্লির।
ঘরের মাঠে ফিফটি করেছে রজত পাতিদার। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। তিনটি করে চার ও ছক্কায় ৩২ বলে ৫২ রান করেন। দুই ছক্কা ও তিন চারে ২৯ বলে ৪১ রান করেন উইল জ্যাকস। দুটি ছক্কা ও এক চারে ২৪ বণে ৩২ রান করেন ক্যামেরুন গ্রিন। এছাড়া তিন ছক্কা ও এক চারে ১৩ বলে ২৭ রান করেন বিরাট কোহলি।

দিল্লির হয়ে খলিল আহমেদ ও রাসিখ সালাম দুটি করে উইকেট নেন।
রানতাড়ায় নেমে অক্ষর প্যাটেল ছাড়া বাকীদের কেউই ইনিংস লম্বা করতে পারেননি। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করেন এই অলরাউন্ডার। বাকীদের মধ্যে সাই হোপ ২৩ বলে ২৯ রান এবং ৮ বলে ২১ রান করেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
স্বাগতিকদের মধ্যে জশ দয়াল তিনটি এবং লোকি ফার্গুসন দুই উইকেট নেন।





