জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর শুরু হয়েছে শুক্রবার। আসরের দ্বিতীয় দিনে এসে ইতিহাস গড়েছেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের মাহিন হক। কোন রান খরচ না করে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। অফ স্পিনার মাহিনের বোলিং ফিগার ৬-৬-০-৫। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যেম এমন তথ্যই জানিয়েছেন বিসিবির খাগড়াছড়ি জেলা কোচ মুজাহিদ চৌধুরী।
নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের বিপক্ষে আগে ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২৫ সংগ্রহ গড়ে পুলিশ লাইন্স। জবাবে ২২ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ২৭ রানে থামে নতুন কুঁড়ি। তাতে ১৭৮ রানের বড় জয় পায় মাহিনের পুলিশ লাইন্স।
বাংলাদেশের ৬৪ জেলার ৩৪৭টি স্কুল এবারের আসরে অংশগ্রহণ করছে। সব স্কুল মিলে আসরে ক্ষুদে ক্রিকেটারদের মোট সংখ্যা দাঁড়াবে ৯ হাজারে। আসরে মোট ম্যাচ হবে ৬৫১টি। প্রথমদিন শুরু হবে জেলা পর্যায়ের খেলা, তারপর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ম্যাচ হবে।
বাংলাদেশে জাতীয় স্কুল পর্যায়ের ক্রিকেট শুরু হয় ২০১৫ সালে। প্রতিবছর প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের মৌসুম শেষে, বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকদের নির্বাচনের ভিত্তিতে সেরা ১৫ ক্রিকেটারকে বৃত্তি দিয়ে আসছে ব্যাংকটি। বিসিবির অনুরোধে বৃত্তি সংখ্যা এবছর ১৫ থেকে ২৫ করা হয়েছে। স্কলারশিপের পরিমাণও বছরে ৬০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে।



