কোনো নারী নিপীড়ন বরদাশত করা হবে না: এনসিপি

কোনো নারী নিপীড়ন বরদাশত করা হবে না: এনসিপি

জুমবাংলা ডেস্ক : নারীদের ওপর কোনো সহিংসতা বা নিপীড়ন বরদাশত করা হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নারীদের ওপর সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

কোনো নারী নিপীড়ন বরদাশত করা হবে না: এনসিপি

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকাল শুক্রবার (৭ মার্চ) এ দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার হয়রানি ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে দাবি করে বিবৃতিতে নাগরিক পার্টি বলেছে, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে হয়রানি করেন বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী। শাহবাগ থানায় গ্রেপ্তার থাকা অবস্থায়ও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপরও অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে নিতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মামলা প্রত্যাহারে ভুক্তভোগীকে নানা চাপ দেওয়া হয়। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়।

মাগুরায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে মন্তব্য করে বিবৃতিতে আরও বলা হয়, অনলাইনে জাতীয় নাগরিক পার্টির নারী নেতারা এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নারী নেতাকর্মীরা পতিত ফ্যাসিবাদীদের মাধ্যমে প্রতিনিয়ত সাইবার হয়রানির শিকার হচ্ছেন। এই ধরনের নিপীড়নের ঘটনা জনপরিসরে নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে তুলে ধরে। নারীদের নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এনসিপি সর্বদা বদ্ধপরিকর। নারীদের ওপর কোনো সহিংসতা কিংবা নিপীড়ন বরদাশত করবে না এনসিপি।

নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোয় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আজ থেকে টানা তিনদিনের কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

নারীর প্রতি সহিংসতা কঠোরভাবে দমন করার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে মনে করে সদ্য গঠিত রাজনৈতিক দলটি।

Scroll to Top