কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীসান, মন্ত্রিসভায় স্থান পেলেন আরও ২০ জন – DesheBideshe

কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীসান, মন্ত্রিসভায় স্থান পেলেন আরও ২০ জন – DesheBideshe


কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীসান, মন্ত্রিসভায় স্থান পেলেন আরও ২০ জন – DesheBideshe

তিরুবনন্তপুরম, ১৮ মে – ভারতের দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালায় (কেরলম) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) জোটের নতুন সরকার। সোমবার রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রবীণ নেতা ভিডি সতীসান।

মুখ্যমন্ত্রী সতীসানের পাশাপাশি এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ২০ জন বিধায়ক। তিরুবনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর তাদের শপথ বাক্য পাঠ করান। গত ছয় দশকের ইতিহাসে কেরালায় এবারই প্রথমবারের মতো মন্ত্রিসভার সব সদস্য একই দিনে শপথ গ্রহণ করেছেন।

২১ সদস্যের এই মন্ত্রিসভায় ১৪ জনই নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন। ২০০১ সাল থেকে পারাপুর আসন থেকে টানা নির্বাচিত হয়ে আসলেও ভিডি সতীসানের জন্য এটিই প্রথম মন্ত্রী ও মুখ্যমন্ত্রী হওয়ার অভিজ্ঞতা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরা এবং কেসি বেণুগোপাল। এছাড়া কেরালা ও পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতারা এই আয়োজনে অংশ নেন।

নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী তার বার্তায় কেন্দ্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মমতা ব্যানার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সরকারের সাফল্য কামনা করেছেন।

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত কেরালা বিধানসভা নির্বাচনে ইউডিএফ জোট ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিদায়ী এলডিএফ জোট পেয়েছে ৩৫টি আসন এবং বিজেপি পেয়েছে ৩টি আসন।

শপথ গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কয়েকটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামীণ স্বাস্থ্যকর্মী (আশা) ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি এবং আগামী ১৫ জুন থেকে নারীদের জন্য বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা প্রদান।

এস এম/ ১৮ মে ২০২৬



Scroll to Top