কুমিল্লায় ভয়াবহ ট্রেন ও বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার দিবাগত রাত ৩টার কিছু আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেললাইনে উঠে পড়ে। এতে মুহূর্তেই ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা অজয় ভৌমিক জানান, হাসপাতালে আনার পর ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একটি শিশু এবং দুই থেকে তিনজন নারী রয়েছেন। বাকিরা পুরুষ।
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। লেভেল ক্রসিংয়ে গেটম্যান দায়িত্ব পালন করছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





