কুমিল্লাকে হারিয়ে বরিশালের প্রথম শিরোপা জয় – Allrounder BD

কুমিল্লাকে হারিয়ে বরিশালের প্রথম শিরোপা জয় – Allrounder BD

বিপিএলের ফাইনালে এর আগে তিনবার খেলেও একবারও শিরোপা জিততে পারেনি বরিশাল। ২০২২ সালেও ১ রানের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি। অবশেষে চতুর্থবারে এসে বিপিএলের শিরোপা জিতল বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল।

কুমিল্লার দেওয়া ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভাল করে বরিশাল। মেহেদী হাসান মিরাজ ও তামিম ইকবালের প্রথম উইকেট জুটিতে ওঠে ৪৮ বলে ৭৬ রান। তামিম ২৬ বলে ৩৯ রান করে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে সেই জুটি। এরপর দ্রুত ফিরেছেন মিরাজও। প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ বলে করেছেন ২৯ রান।

পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম্যান্স করা কাইল মেয়ার্স ফাইনালেও খেলেছেন দারুণ। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তিনি। ৩০ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরার আগে বরিশালের জয়ের ভিত গড়ে দিয়ে গিয়েছেন তিনি। পরে বাকি কাজটুকু সেরেছেন ডেভিড মিলার ও মাহমুদউল্লাহ রিয়াদ।

কুমিল্লার হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মঈন আলী। মুস্তাফিজুর রহমান দুই উইকেট শিকার করতে খরচ করেছেন ৩১ রান।

২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি কাইল মেয়ার্স। প্রথম ওভারেই সুনীল নারাইনকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। কুমিল্লার ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় শুরুটা ভাল করলেও ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ৩ বাউন্ডারিতে করেছেন ১৫ রান।

দ্রুত দুই উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছিলেন লিটন। কিন্তু ১২ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। ১৭ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরে জনসন চার্লস কুমিল্লা সমর্থকদের শুধু হতাশাই বাড়িয়েছেন।

মাহিদুল ইসলাম অঙ্কন পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে। ৩৫ বলে ২টি করে বাউন্ডারি ও ছক্কায় ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

কুমিল্লা মূলত ১৫৪ রানের সংগ্রহ পেয়েছে আন্দ্রে রাসেলের কল্যাণে। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। জাকের আলী অনিক ২৩ বলে করেছেন ২০ রান।

বরিশালের হয়ে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জেমস ফুলার।

Scroll to Top