কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক | চ্যানেল আই অনলাইন

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক | চ্যানেল আই অনলাইন

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধান অশোক সিগদেলের মধ্যে নিরাপত্তা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে তরাই অঞ্চলের সাম্প্রতিক উত্তেজনা এবং গোকর্ণেশ্বর সড়ক সম্প্রসারণ প্রকল্প নিয়ে সেনাবাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের বিরোধের বিষয়ও আলোচনায় এসেছে বলে জানা গেছে।

শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার সিংহ দরবারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কার্যালয়ে সেনাপ্রধান সিগদেলের সঙ্গে বৈঠক করেন শাহ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট বলেন, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। তাই প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক হওয়াটা স্বাভাবিক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন। তাই তাদের মধ্যে নিয়মিত বৈঠক হওয়াটা স্বাভাবিক। এই বৈঠকটি সেই প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয়েছে। গোকর্ণেশ্বরে একটি সড়ক সম্প্রসারণ প্রকল্প নিয়ে কাঠমান্ডু-৩ আসনের সংসদ সদস্য রাজু পান্ডে ও সেনাবাহিনীর সদস্যদের মধ্যে বিরোধের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কিছু সূত্রের দাবি, বৈঠকে বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তবে সেনাবাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সোমবার মাকালবাড়ি থেকে গোকর্ণেশ্বর মন্দিরের দিকে সড়ক সম্প্রসারণের কাজ চলার সময় পান্ডে ও স্থানীয় প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। সেখানে সেনাবাহিনীর নিরাপত্তায় থাকা একটি স্থাপনার সীমানাপ্রাচীর সরানোর চেষ্টা করা হলে বিরোধের সূত্রপাত হয়। ঘটনাস্থলে থাকা এক সামরিক কর্মকর্তা প্রতিনিধিদের কাছে সীমানাপ্রাচীর অপসারণের অনুমতিপত্র দেখতে চান। তিনি জানান, ওই এলাকায় একটি সেনা ব্যারাক রয়েছে এবং সেখানে সেনাসদস্য মোতায়েন রয়েছেন।

পান্ডে বলেন, ব্যারাকের বিষয়টি তিনি দেখবেন। তবে তার দাবি, বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া সড়কটি নেপাল ট্রাস্টের আওতাধীন এবং এর চেয়ারম্যান অবকাঠামো উন্নয়নমন্ত্রী। তাই সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করা হবে না।

একপর্যায়ে পান্ডে ওই সেনা কর্মকর্তাকে বলেন, যদি কোনো বিভ্রান্তি থাকে, আমি আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি। এ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তরাই অঞ্চলের জেলাগুলোতে সাম্প্রতিক অস্থিরতার পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সেনাপ্রধান সিগদেল প্রধানমন্ত্রী শাহকে অবহিত করেছেন।

নিরাপত্তা পরিস্থিতি ও স্থানীয় পর্যায়ে সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক প্রশাসনের সমন্বয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

Scroll to Top