গ্রামে ঢুকতেই চোখে পড়ে তিন গম্বুজওয়ালা প্রাচীন একটি স্থাপনা। সময়ের ক্ষয়, বাতাসের ধুলা আর ঋতুর পালাবদল পেরিয়ে দাঁড়িয়ে থাকা ইট-চুন-সুরকির স্থাপনাটিই কুড়িগ্রামের ঐতিহাসিক চান্দামারী জামে মসজিদ। স্থানীয় লোকজনের ভাষ্য, মোগল আমলে নির্মিত এ মসজিদের বয়স প্রায় সাড়ে চার শ বছর। নিয়মিত নামাজ আদায় করেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা।
মসজিদটির অবস্থান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী মণ্ডলপাড়া গ্রামে। উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৫১ শতাংশ জমির ওপর গড়ে উঠেছে মসজিদটি। দৈর্ঘ্য প্রায় ৪৫ ফুট, প্রস্থ ২২ ফুট। স্থাপত্যের সৌন্দর্যে আলাদা করে সবার নজর কাড়ে। চার পাশে সীমানাপ্রাচীর দেওয়া। উচ্চতা প্রায় ৬০ ফুট। তিনটি করে গম্বুজ ও মিহরাববিশিষ্ট এ মসজিদ নির্মিত হয়েছে ইট, চুন ও সুরকির মিশ্রণে।



