কাতারে হামলা চালালে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

কাতারে হামলা চালালে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

কাতারে হামলা চালালে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

দোহা, ১৯ মার্চ – কাতারের একটি বৃহৎ গ্যাসক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনাকে চলমান সংঘাতের বড় একটি মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, কাতারের গ্যাস স্থাপনায় ইরান যদি নতুন করে কোনো হামলা চালায়, তবে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন।

ট্রাম্প উল্লেখ করেন, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র বা কাতার অবগত ছিল না। ইরান যদি কাতারের ওপর আর কোনো হামলার সিদ্ধান্ত না নেয়, তবে ইসরায়েল ওই গ্যাসক্ষেত্রে নতুন করে হামলা চালাবে না বলেও তিনি জানান। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কাতারের গ্যাসক্ষেত্রে পুনরায় হামলা হলে ইসরায়েলের সম্মতি বা সহায়তা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র একাই সাউথ পার্স গ্যাসক্ষেত্রকে এমন ধ্বংসাত্মক বিস্ফোরণে উড়িয়ে দেবে, যা ইরান আগে কখনও দেখেনি। ট্রাম্প জানান, তিনি এ ধরনের ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চান না কারণ এটি ইরানের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

তবে কাতারের এলএনজি স্থাপনায় ফের আঘাত হানা হলে তিনি কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। এর আগে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানায়, বৃহস্পতিবার ভোরে তাদের কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তু ছিল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি।

বিশ্লেষকদের ধারণা, এত গুরুত্বপূর্ণ একটি জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা শুধু কাতার নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজার এবং গোটা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। উল্লেখ্য, সাউথ পার্স বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র যা ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন।

এস এম/ ১৯ মার্চ ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কাতারে হামলা চালালে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের first appeared on DesheBideshe.

Scroll to Top