‘কাইথি’, ‘বিক্রম’, ‘মাস্টার’, ‘লিও’ ও ‘কুলি’র মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজ এবার ক্যামেরার সামনে! পরিচালক অরুণ মাথেশ্বরনের রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘ডিসি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে তার। আর প্রথম ছবিতেই বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছেন এই নির্মাতা-অভিনেতা।
ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ডিসি’ ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৯১৭ সালের উপন্যাস ‘দেবদাস’ থেকে অনুপ্রাণিত। ছবিতে লোকেশকে দেখা গেছে মদ্যপ গ্যাংস্টার দাস চরিত্রে। অন্যদিকে ওয়ামিকা অভিনয় করেছেন যৌনকর্মী চন্দ্র চরিত্রে। দুর্নীতিগ্রস্ত পুলিশের বিরুদ্ধে প্রতিশোধের লড়াইয়ে জড়িয়ে পড়ে দুই চরিত্র।
মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে ‘ডিসি’। বিশেষভাবে প্রশংসিত হয়েছে অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত। এর প্রভাব পড়েছে বক্স অফিসেও।
ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করে ৪ কোটি ৪০ লাখ রুপি। দ্বিতীয় দিনে ৭ কোটি, তৃতীয় দিনে ৯ কোটি ৫৫ লাখ এবং চতুর্থ দিনে ৬ কোটি রুপি আয় করেছে ‘ডিসি’। ফলে চার দিনে ভারতের বাজারে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ২৬ কোটি ৯৫ লাখ রুপি। গ্রস আয় ৩১ কোটি ১ লাখ রুপি।
অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৩ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে চার দিনে ‘ডিসি’র বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৬ লাখ রুপি (৫৯ কোটি ৩১ লাখ বাংলাদেশি টাকা)!
বাণিজ্য বিশ্লেষকদের মতে, দক্ষিণ ভারতীয় সিনেমার ক্ষেত্রে মুক্তির প্রথম দিকেই সাধারণত সবচেয়ে বেশি আয় দেখা যায়। সেখানে চতুর্থ দিনে প্রথম দিনের চেয়েও বেশি আয় করা ‘ডিসি’র জন্য ইতিবাচক সংকেত। দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারলে ছবিটির আয় আরও বাড়তে পারে।
বর্তমান গতিতে ‘ডিসি’ বিশ্বব্যাপী ৮০ থেকে ১০০ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবিটির হিন্দি সংস্করণ পরিবেশনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। মেনসএক্সপি


