কসবায় বিজিবির কাছ থেকে চোরাই পণ্যের গাড়ি ছিনিয়ে নিলো চোরাকারবারিরা – DesheBideshe

কসবায় বিজিবির কাছ থেকে চোরাই পণ্যের গাড়ি ছিনিয়ে নিলো চোরাকারবারিরা – DesheBideshe


কসবায় বিজিবির কাছ থেকে চোরাই পণ্যের গাড়ি ছিনিয়ে নিলো চোরাকারবারিরা – DesheBideshe

ব্রাহ্মণবাড়িয়া, ৪ জুন – ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত দিয়ে পাচারকালে জব্দ করা চোরাই পণ্যবোঝাই একটি গাড়ি বিজিবির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা।

বুধবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এই ঘটনা ঘটে। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় বলেও খবর পাওয়া গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে নিয়ে আসা চোরাই পণ্য নয়নপুর বাজারের বিভিন্ন গুদামে মজুত করে রাখে চোরাকারবারিরা। পরবর্তীতে সুযোগ বুঝে তারা বিভিন্ন যানবাহনে করে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ চোরাই পণ্য পাচারের চেষ্টা করা হয়।

গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পণ্যসহ গাড়িটি জব্দ করেন। গাড়ি জব্দ করার পর চোরাকারবারিরা পণ্যগুলোকে বৈধ দাবি করে বিজিবি সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং চোরাকারবারিরা স্থানীয় লোকজনকে জড়ো করে একটি গণজমায়েত বা মব তৈরির চেষ্টা করে।

উদ্ভূত পরিস্থিতিতে রক্তপাত এড়াতে এবং জানমালের নিরাপত্তার স্বার্থে জব্দ করা গাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয় বিজিবি।

এই বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম জানান, সংঘবদ্ধ চোরাকারবারিরা সাধারণ মানুষকে উসকে দিয়ে একটি মারমুখী পরিবেশ তৈরি করেছিল। সেখানে গুলিবর্ষণ করার মতো পরিস্থিতির সৃষ্টি হলেও অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ৪ জুন ২০২৬



Scroll to Top