
ভারত, ১৪ ফেব্রুয়ারি – ক্রিকেট বিশ্বে সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথ হিসেবে পরিচিত ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই। সব ধরনের অনিশ্চয়তা ও নাটকীয়তা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই সব বিক্রি হয়ে যাওয়ায় সমর্থকদের উন্মাদনার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক প্রেক্ষাপট এবারের ম্যাচে আগ্রহের নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং একে কেন্দ্র করে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণার মতো ঘটনাগুলো ম্যাচটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
তবে কূটনৈতিক তৎপরতায় সব শঙ্কা দূর হয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে কলম্বোর ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার প্রেমাদাসা স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে গেছে এবং কালোবাজারে তা চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। ধারণা করা হচ্ছে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই ম্যাচটি টেলিভিশন দর্শক সংখ্যার সব রেকর্ড ভেঙে দিতে পারে। সাধারণত এ ধরনের ম্যাচ ১০০ কোটির বেশি মানুষ উপভোগ করে থাকেন। টিআরটি ওয়ার্ল্ড ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই দ্বৈরথ দেখতে হাজারো ক্রিকেটপ্রেমী কলম্বোয় ভিড় করায় বিমানের ভাড়া ও হোটেল বুকিংয়ের খরচ অস্বাভাবিক হারে বেড়েছে।
সাধারণ সময়ে এক রাতের হোটেল ভাড়া ১০০ থেকে ১৫০ ডলার হলেও বর্তমানে তা বেড়ে ৬৬০ ডলার পর্যন্ত পৌঁছেছে। চেন্নাই ও দিল্লি থেকে কলম্বোগামী ফ্লাইটের ভাড়াও কয়েকগুণ বেড়েছে। শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরস এবং টুরিজম ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে আগত দর্শনার্থীদের বড় একটি অংশই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে দেশটিতে এসেছেন। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বিজয়ী দল সুপার এইটে উন্নীত হবে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় এখন শুধুমাত্র বৈশ্বিক টুর্নামেন্টেই তাদের মুখোমুখি হতে দেখা যায়।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





